সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে সাত দিনে ১১ হাজার ৯৫২ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে যৌথ নিরাপত্তা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, গ্রেপ্তারদের মধ্যে ৬ হাজার ১৬৩ জন আবাসন আইন, ৩ হাজার ২২৫ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ৫৬৪ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন।
একই সময়ে অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টায় ১ হাজার ৬৫৩ জন এবং অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টায় ২৯ জনকে আটক করা হয়েছে। এছাড়া আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় ও কর্মসংস্থানে সহায়তার অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।
মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ৪০ হাজার ৭৬২ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের মধ্যে ৩৮ হাজার ৩৮৩ জন পুরুষ এবং ২ হাজার ৩৭৯ জন নারী। গ্রেপ্তারদের মধ্যে ২২ হাজার ৪৫১ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এ ছাড়া ৯ হাজার ৮০০ জনের ভ্রমণপ্রক্রিয়া চলছে এবং ১১ হাজার ৪১৮ জনকে ইতোমধ্যে দেশে ফেরত পাঠানো হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে প্রবেশে সহায়তা, আইন লঙ্ঘনকারীদের পরিবহন বা আশ্রয় দেওয়ার অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে। পাশাপাশি এসব কাজে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।