জার্মানির ক্ষেপণাস্ত্র ব্যবহারে পারমাণবিক যুদ্ধের শঙ্কা দেখছে ফ্রান্স

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যে জার্মানির দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ফ্রান্স। প্যারিসের আশঙ্কা, প্রচলিত অস্ত্র দিয়ে রাশিয়ার ওপর হামলা চালানো হলেও তা শেষ পর্যন্ত পারমাণবিক সংঘাতে রূপ নিতে পারে। এ কারণে জার্মানির কাছে ক্ষেপণাস্ত্র ব্যবহারের নীতি স্পষ্ট করার আহ্বান জানিয়েছে ফ্রান্স।

বুধবার (১১ নভেম্বর) ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে ইউরোপীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির দূরপাল্লার হামলার সক্ষমতা এবং ফ্রান্সের পারমাণবিক প্রতিরক্ষা কৌশলের মধ্যে সমন্বয় নিয়ে দুই দেশের আলোচনা চলছে।

গত মার্চে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ইউরোপের মিত্রদেশগুলোর নিরাপত্তায় ফ্রান্সের পারমাণবিক সুরক্ষা বা ‘পারমাণবিক ছাতা’ সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। এরপর জার্মানিসহ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা শুরু হয়।

এক ফরাসি কর্মকর্তা সতর্ক করে বলেন, ইউরোপীয় দেশগুলো প্রচলিত অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালালেও মস্কো পাল্টা পারমাণবিক হামলা চালাতে পারে। এতে ভুল বোঝাবুঝি থেকেই পরিস্থিতি পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছাতে পারে।

এদিকে ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে প্রতিরক্ষা খাতে ৭৮০ বিলিয়ন ইউরো ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি। দেশটি ৫০০ থেকে ২ হাজার কিলোমিটারের বেশি পাল্লার বিভিন্ন ক্ষেপণাস্ত্র সংগ্রহ ও উন্নয়ন করছে।

জার্মানির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, দূরপাল্লার হামলার সক্ষমতা কীভাবে ব্যবহার করা হবে এবং উত্তেজনা বৃদ্ধির পরিস্থিতিতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে ফ্রান্স ও জার্মানির অভিন্ন নীতি থাকা প্রয়োজন।

অন্যদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি বলেছেন, ইউরোপের সঙ্গে যুদ্ধ চায় না মস্কো। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কোনো পক্ষই বিজয়ী হবে না বলে সতর্ক করেছেন তিনি।

Home R3