আটলান্টিক মহাসাগর থেকে ধেয়ে আসা শক্তিশালী ঝড় চার্লসের প্রভাবে বুধবার (১০ নভেম্বর) পর্তুগালের সব স্কুল ও জরুরি নয় এমন সরকারি সেবা বন্ধ রাখা হয়। তবে আশঙ্কার তুলনায় ঝড়ের তীব্রতা কম থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই দেশটি ঝড়ের প্রভাব কাটিয়ে ওঠে।
ঝড়ের আশঙ্কায় সরকার আগেই সাধারণ মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছিল। ফলে ঝড় আঘাত হানার সময় দেশটির অধিকাংশ সড়ক ছিল প্রায় জনশূন্য। তবে প্রবল বৃষ্টি ও বাতাস বয়ে গেলেও তা প্রত্যাশার মতো ভয়াবহ রূপ নেয়নি।
পর্তুগালের প্রায় ৮ হাজার স্কুলে একযোগে ক্লাস বন্ধের ঘটনা সাম্প্রতিক স্মৃতিতে এই প্রথম। এ ছাড়া প্রবল বৃষ্টি ও বাতাসের কারণে দেশটির চারটি আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দেশটির আবহাওয়া সংস্থা আইপিএমএ জানিয়েছে, কয়েকটি এলাকায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার ছাড়িয়ে যায়।
রাজধানী লিসবনের বিভিন্ন সড়কে যাত্রী ছাড়াই বাস চলাচল করতে দেখা যায়। পানি নিষ্কাশনের নালা বন্ধ থাকায় শহরের কয়েকটি সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। দেশটির একটি বড় সুপারমার্কেট চেইন তাদের সব দোকান বন্ধ রাখে। এ ছাড়া লিসবনে প্রায় ৭০ হাজার মানুষের অংশগ্রহণের কথা থাকা একটি আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলনের বুধবারের সব কার্যক্রম বাতিল করা হয়।
তবে ঝড়ের তীব্রতা আশঙ্কার তুলনায় কম হওয়ায় বিকেলের মধ্যে দেশটির জনপ্রিয় পর্যটন অঞ্চল আলগার্ভ ছাড়া অন্য এলাকাগুলোতে সর্বোচ্চ সতর্কতা প্রত্যাহার করা হয়। শুরুতে পর্তুগালের অর্ধেকের বেশি এলাকা রেড অ্যালার্টের আওতায় ছিল।
এর আগে মঙ্গলবার উত্তর-পশ্চিম আফ্রিকার উপকূলের কাছে অবস্থিত পর্তুগালের মাদেইরা দ্বীপে আঘাত হানে ঝড় চার্লস। সেখানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটারে পৌঁছায়।
ঝড়ের পরিস্থিতি পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো আটজন মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে জরুরি বৈঠক করেন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লুইস নেভেস বলেন, কর্তৃপক্ষের বিরুদ্ধে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার অভিযোগ সঠিক নয়। আবহাওয়ার পূর্বাভাস বিবেচনা করেই সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।
এর আগে গত জানুয়ারিতে ঝড় ক্রিস্টিনের সময় দুর্বল প্রস্তুতি ও পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়ে পর্তুগাল সরকার। ওই ঝড়ে মধ্য পর্তুগালে হাজার হাজার গাছ উপড়ে পড়ে এবং বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। এখনো সেসব ক্ষয়ক্ষতির মেরামতকাজ চলছে।
এদিকে ঝড় চার্লসের পরবর্তী গন্তব্য স্পেন বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার দেশটিতে সাধারণ ধর্মঘট চলছিল। তবে ঝড়ের কারণে দক্ষিণাঞ্চলের কর্দোবা, হুয়েলভা ও কাদিজসহ কয়েকটি শহরে ধর্মঘটসংশ্লিষ্ট বিক্ষোভ কর্মসূচি বাতিল অথবা পিছিয়ে দেওয়া হয়।
সূত্র : এপি