ঝড় মোকাবিলায় পর্তুগালের প্রস্তুতির প্রশংসা করলেন মন্টেনেগ্রো

পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো ঝড় মোকাবিলায় সরকারের প্রস্তুতি ও সতর্কতামূলক পদক্ষেপের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, বড় ধরনের ঝুঁকি এড়াতে হলে প্রতিকারের চেয়ে আগাম সতর্কতা ও প্রস্তুতি বেশি গুরুত্বপূর্ণ।

ঝড় চার্লসের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী লুইস নেভেসের কাজেরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় স্বরাষ্ট্রমন্ত্রী অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন।

এর আগে প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো ঝড় চার্লসের পরিস্থিতি নিয়ে জাতীয় জরুরি ও নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষের (ANEPC) এক ব্রিফিংয়ে অংশ নেন। সেখানে তিনি জানান, ১১ নভেম্বর মধ্যরাতে দেশজুড়ে জারি করা সতর্কতা প্রত্যাহার করা হবে। একই সঙ্গে সংকট মোকাবিলায় গঠিত সরকারি পরিচালনা কেন্দ্রের (CorGov) কার্যক্রমও বন্ধ করা হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ঝড় চার্লসের তীব্রতা প্রাথমিক পূর্বাভাসের মতো ভয়াবহ হয়নি। পূর্বাভাসের তুলনায় ঝড়টি দুর্বল হয়ে পড়েছে। তিনি জানান, সরকারের নেওয়া পদক্ষেপ নাগরিক সুরক্ষা ব্যবস্থার ওপর মানুষের আস্থা বাড়িয়েছে। বিশেষ করে এ খাতের দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সরকারের আস্থার প্রতিফলন ঘটেছে এসব পদক্ষেপে।

সূত্র : দ্য পর্তুগাল নিউজ

Home R3