পর্তুগালে আবারও প্রবল ঝড়ের শঙ্কা; ১৮ নভেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস

পর্তুগালে ঘূর্ণিঝড় চার্লসের প্রভাব কাটতে না কাটতেই নতুন করে একাধিক ঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী ১৮ নভেম্বর পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি, দমকা হাওয়া ও উত্তাল সমুদ্রের পরিস্থিতি তৈরি হতে পারে।

সাম্প্রতিক ঝড় চার্লসের গতিপথ আবহাওয়ার পূর্বাভাসের সঙ্গে মেলেনি। পূর্বাভাসের তুলনায় ঝড়টি অনেক বেশি দক্ষিণ দিকে সরে মরক্কো পর্যন্ত পৌঁছে যায়। তবে এর প্রভাবে পর্তুগালের মূল ভূখণ্ড ও মাদেইরার বিভিন্ন এলাকায় বন্যা, ভূমিধস, গাছপালা উপড়ে পড়া এবং ঘরবাড়ি ও যানবাহনের ক্ষয়ক্ষতি হয়েছে।

মাদেইরায় এক রাতেই আবহাওয়াজনিত প্রায় ২০০টি দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ফুনশাল, সান্তা ক্রুজ, কামারা দে লোবুশ ও মাশিকু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে। অন্যদিকে, লিসবন, সেতুবাল ও আলগার্ভেও জলাবদ্ধতা, গাছ উপড়ে পড়া এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটেছে।

সিএনএন পর্তুগালের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৫ নভেম্বর থেকে নতুন করে ঝড়ের প্রভাব শুরু হতে পারে। বিশেষ করে উত্তর পর্তুগাল ও পশ্চিম উপকূলীয় এলাকায় এর প্রভাব বেশি পড়ার আশঙ্কা রয়েছে। পোর্তো, কোইমব্রা ও লেইরিয়া অঞ্চলে টানা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদদের ধারণা, তিন দিনে বৃষ্টিপাতের পরিমাণ ১০০ থেকে ১৫০ মিলিমিটার পর্যন্ত হতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭০ কিলোমিটার এবং সমুদ্রের ঢেউয়ের উচ্চতা ৫ মিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

এদিকে, নতুন ঝড়ের ক্ষেত্রে সরকার আগের মতো স্কুল ও জরুরি নয় এমন সরকারি সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। আবহাওয়ার পূর্বাভাসের অনিশ্চয়তার মধ্যেও জননিরাপত্তা নিশ্চিত করতে আগাম প্রস্তুতির ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা।

পরবর্তী ঝড়টির নাম ‘ডায়ান’ হতে পারে। তবে আবহাওয়ার পরিস্থিতি ও সতর্কতার মাত্রার ওপর নির্ভর করবে আনুষ্ঠানিকভাবে নামটি ব্যবহারের বিষয়টি।

সূত্র : পর্তুগাল রেসিডেন্ট

Home R3