আক্রমণ হলে বিশ্বের সব মার্কিন সম্পদে আঘাত হানা হবে: ইরান

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেকোনো ধরনের সামরিক আগ্রাসন চালানো হলে ভৌগোলিক সীমানার তোয়াক্কা না করে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সব মার্কিন সম্পদে আক্রমণ চালানোর কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। একই সঙ্গে ওয়াশিংটন নমনীয় মনোভাব প্রদর্শন করলে দুই দেশের মধ্যকার চলমান উত্তেজনার অবসান ও সম্ভাব্য চুক্তির পথ সুগম হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে তেহরান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এই কঠোর অবস্থান স্পষ্ট করেছে ইরানি কর্তৃপক্ষ।

ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া এক কড়া বিবৃতিতে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, মধ্যপ্রাচ্যে যদি নতুন করে কোনো আক্রমণ বা শত্রুতামূলক কর্মকাণ্ড চালানো হয়, তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে না। তিনি জানান, কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানের পক্ষ থেকে যে সাতটি শর্ত দেওয়া হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র তা মেনে নিলেই কেবল এই সামুদ্রিক পথটি পুনরায় চালুর বিষয়টি বিবেচনা করা হবে।

তিনি সতর্ক করে বলেন, আমাদের শত্রুর (যুক্তরাষ্ট্র) দক্ষিণ-পশ্চিম এশিয়া অঞ্চলের বাইরেও ঘাঁটি রয়েছে এবং সেখানে তাদের সরঞ্জাম ও বাহিনী মোতায়েন আছে। যদি ইরানে হামলা হয়, তবে সশস্ত্র বাহিনী ভৌগোলিক সীমাবদ্ধতা বিবেচনা না করেই আমেরিকান শত্রুর সব লক্ষ্যবস্তুতে আক্রমণ করবে।

Home R3