পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯

পাকিস্তানের থারপারকার জেলার একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উদ্ধারকর্মীদের ভাষ্য অনুযায়ী, পিপলস প্রাইমারি হেলথকেয়ার ইনিশিয়েটিভের (পিপিএইচআই) পরিচালিত অ্যাম্বুলেন্সটিতে কর্মীরা অক্সিজেন সিলিন্ডার পরিবর্তনের সময় আগুন ধরে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ওই সময় অ্যাম্বুলেন্সের ভেতরে একজন অন্তঃসত্ত্বা নারী ছিলেন। পরে সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন ছড়িয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে পিপিএইচআইয়ের একজন ডিসপেনসার, অ্যাম্বুলেন্সের চালক, একজন নিরাপত্তাপ্রহরী ও আরেকজন কর্মী রয়েছেন। এর আগে উদ্ধারকর্মীরা জানিয়েছিলেন, নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ও দুজন অ্যাটেনডেন্টও ছিলেন।

এ ঘটনায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের দুজন মিডওয়াইফ ও একজন নারী অ্যাটেনডেন্ট আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য মিথির সিভিল হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনাস্থলে জেলা প্রশাসন, উদ্ধারকারী দল ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা উপস্থিত রয়েছেন। বিস্ফোরণের ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পাকিস্তানের শুষ্ক অঞ্চল হিসেবে পরিচিত থারপারকার জেলার বাসিন্দারা চিকিৎসার জন্য প্রায়ই সরকারি স্বাস্থ্যকেন্দ্রের ওপর নির্ভর করেন। এ দুর্ঘটনা অঞ্চলটির স্বাস্থ্যসেবা ও জরুরি পরিবহনব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

Home R3