কানাডায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে ফরাসি ভাষায় দক্ষ অভিবাসনপ্রত্যাশীদের জন্য বড় সম্ভাবনা তৈরি হয়েছে। চলতি বছরের ২৭ অক্টোবর পর্যন্ত দেশটির এক্সপ্রেস এন্ট্রি ব্যবস্থায় ফরাসি ভাষায় দক্ষ প্রার্থীদের ১২টি ড্রয়ের মাধ্যমে স্থায়ী বসবাসের জন্য আবেদন করার মোট ৬০ হাজার ৫০০টি আমন্ত্রণ দেয়া হয়েছে।
সর্বশেষ গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ড্রয়ে আরও ৫ হাজার প্রার্থীকে স্থায়ী বসবাসের (পার্মানেন্ট রেসিডেন্সি—পিআর) জন্য আবেদন করার আমন্ত্রণ জানানো হয়। কানাডার অভিবাসন বিভাগ প্রকাশিত তথ্য অনুযায়ী, এ ড্রয়ে আমন্ত্রণ পাওয়ার জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন কমপ্রিহেনসিভ র্যাঙ্কিং সিস্টেমের (সিআরএস) স্কোর ছিল ৪০৭।
কানাডা সরকার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, দক্ষ জনশক্তির চাহিদা পূরণ এবং কুইবেক প্রদেশের বাইরে ফরাসিভাষী জনগোষ্ঠীর বিকাশে গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যেই এক্সপ্রেস এন্ট্রি ব্যবস্থার আওতায় ফরাসি ভাষায় দক্ষ প্রার্থীদের জন্য বিশেষ নির্বাচনপ্রক্রিয়া চালু রয়েছে।
২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত ১২টি ড্রয়ে মোট ৬০ হাজার ৫০০টি আমন্ত্রণ (ইনভাইটেশন) দেয়া হয়েছে। বছরের শুরুর দিকে কয়েকটি ড্রয়ে তুলনামূলক বেশি প্রার্থীকে আমন্ত্রণ জানানো হয়। পরবর্তী সময়ে অধিকাংশ ড্রয়ে ৪ হাজার থেকে ৫ হাজার প্রার্থীকে বেছে নেয়া হয়েছে।
তবে এই ৬০ হাজার ৫০০ জনকে ইতোমধ্যে স্থায়ী বসবাসের অনুমতি দেয়া হয়েছে, বিষয়টি এমন নয়। তারা পিআরের জন্য আবেদন করার আমন্ত্রণ পেয়েছেন মাত্র। আবেদন জমা দেয়া, যোগ্যতা যাচাই ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।