ভারতের উত্তরপ্রদেশে সহিংস উপায়ে ‘রেজিম চেঞ্জ’ বা সরকার পরিবর্তনের ডাক দেয়া ব্যক্তিদের সরকারি চাকরিতে নিয়োগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। সাম্প্রতিক বিক্ষোভে সরকার পরিবর্তনের ডাক দেয়াকে কেন্দ্র করে বিতর্কের মধ্যে সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের চরিত্র যাচাইয়ের নিয়ম কঠোর করেছে রাজ্য সরকার। এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিরোধী দল সমাজবাদী পার্টি (এসপি) ও কংগ্রেস।
এ বিষয়ে নতুন নির্দেশিকা জারি করেছেন রাজ্যের নিয়োগ ও কর্মী বিভাগের প্রধান সচিব এম দেবরাজ। এলাহাবাদ হাইকোর্টের নির্দেশনা অনুসারে জারি করা এ নীতিমালা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, করপোরেশন, কাউন্সিল ও স্থানীয় সংস্থায় সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
নির্দেশিকায় বলা হয়েছে, যেসব সংগঠনের ঘোষিত লক্ষ্য সহিংস উপায়ে বিদ্যমান ব্যবস্থার পরিবর্তন ঘটানো, সেসব সংগঠনের সদস্যদের সরকারি চাকরিতে নিয়োগের অযোগ্য বিবেচনা করা হতে পারে।