লিবিয়ার মিসরাতা থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক ১৭২ অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে তাদের বেশিরভাগই লিবিয়ায় পৌঁছেছিলেন। সেখানে অনেকে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দিবাগত রাত ৪টা ৫১ মিনিটে বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় এ প্রত্যাবাসন সম্পন্ন হয়। বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশিদের অভ্যর্থনা জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা।
দেশে ফেরা প্রত্যেককে যাতায়াতের খরচ, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসাসেবা দিয়েছে আইওএম। প্রয়োজন অনুযায়ী তাদের অস্থায়ী বাসস্থানের ব্যবস্থাও করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঝুঁকিপূর্ণ পথে বিদেশযাত্রার ভয়াবহ পরিণতি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দেশে ফেরা ব্যক্তিদের নিজেদের দুর্বিষহ অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম যৌথভাবে কাজ করছে।