ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ৭৭তম জন্মদিন উদযাপনের অনুষ্ঠানে যাওয়ার পথে তাঁর বহর লক্ষ্য করে কাঁচের বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে। জেরুজালেমের বিখ্যাত মাহানে ইহুদা বাজারের কাছে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে এ হামলা চালানো হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং বহরটি না থেমে গন্তব্যের দিকে চলে যায়।
ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট-এর বরাত দিয়ে জানা গেছে, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই সেখানে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মী ও পুলিশ নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে অভিযুক্তকে ধরতে তল্লাশি অভিযান শুরু করে। পরে নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সারা মাহানে ইহুদা বাজারে পৌঁছালে ক্ষমতাসীন লিকুদ পার্টির সমর্থকেরা তাঁদেরকে স্বাগত জানান।
এর আগে, সফরসূচির অংশ হিসেবে তেল আবিবের হাতিকভা বাজারে গেলে তীব্র বিক্ষোভ ও ক্ষোভের মুখে পড়েন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সেখানে হামাসকে অর্থায়নের অভিযোগ তুলে এক ব্যক্তি ভিডিও চিত্র ধারণ করতে গেলে লিকুদ সমর্থকরা তাঁর মোবাইল ফোন ফেলে দেয় এবং হাতাহাতিতে জড়িয়ে পড়ে।
উক্ত বিক্ষোভে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় নিহত ও জিম্মি হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা অংশ নেন। বিক্ষোভে অংশ নেওয়া নিহত জিম্মি গায় ইলুজের বাবা মিশেল ইলুজ, কারমেল গেটের স্বজন গিল দিকমান এবং মাতান জাঙ্গাউকারের মা আইনাব জাঙ্গাউকার ৭ অক্টোবরের চরম নিরাপত্তা ব্যর্থতার দায় নিয়ে নেতানিয়াহুর অবিলম্বে পদত্যাগ দাবি করেন।
আইনাব জাঙ্গাউকার অভিযোগ করে বলেন, বিক্ষোভ চলাকালে তাঁদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করা হয়, থুথু ফেলা হয় এবং সবজি ছুড়ে মারা হয়। পরবর্তীতে পুলিশ তাঁদের এলাকা থেকে সরিয়ে দেয়। ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে মিশেল ইলুজ এই হামলার তীব্র নিন্দা জানান এবং আগামী নির্বাচনে নাগরিকদের ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।