শাহজালাল বিমানবন্দরে লাগেজের গতিবিধি দেখবেন যাত্রীরা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়াতে ৩২টি সিসিটিভি ক্যামেরা এবং ৬৫ ইঞ্চির ১৮টি মনিটর স্থাপন করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

নতুন এ ব্যবস্থার আওতায় বিমানবন্দরের আটটি লাগেজ বেল্ট এলাকায় স্থাপিত মনিটরে যাত্রীরা নিজেদের লাগেজের গতিবিধি সরাসরি দেখতে পারবেন।

এ ব্যবস্থার মাধ্যমে উড়োজাহাজ থেকে লাগেজ নামানো, নির্ধারিত স্থানে পরিবহন, বাছাই এবং লাগেজ বেল্টে পৌঁছানো পর্যন্ত বিভিন্ন ধাপের দৃশ্য সরাসরি পর্যবেক্ষণ করা যাবে। ফলে যাত্রীরা তাঁদের লাগেজের অবস্থান ও পরিবহনপ্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন।

বেবিচক জানিয়েছে, এ উদ্যোগের ফলে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহি বাড়বে। পাশাপাশি লাগেজের নিরাপত্তা নিশ্চিত করা এবং যাত্রীসেবার মান উন্নয়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রবাসীসহ দেশি-বিদেশি সব যাত্রীর ভ্রমণ আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন করতে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।