গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামাতে লিগ্যাল নোটিশ

প্রতি কেজি গরুর মাংসের বাজারমূল্য ২৫০ টাকায় নামিয়ে আনার লক্ষ্যে জীবিত গরু ও আন্তর্জাতিক মানসম্পন্ন সনদপ্রাপ্ত প্যাকেটজাত হালাল মাংসের বাণিজ্যিক আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

একই সঙ্গে আমদানি শুল্ক যৌক্তিকীকরণসহ ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় হাইকোর্টে জনস্বার্থে রিট পিটিশন দায়েরের কথা জানিয়েছেন নোটিশদাতা আইনজীবী।

রোববার (১১ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান। নোটিশে গরুর মাংসের বাজারমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানির সুযোগ সৃষ্টি এবং শুল্ক যৌক্তিকীকরণের দাবি জানানো হয়েছে।

নোটিশের প্রাপক হিসেবে মন্ত্রিপরিষদ সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নোটিশে বলা হয়, বাংলাদেশের ১৮ কোটির বেশি মানুষের মধ্যে প্রায় ৯০ শতাংশ মুসলিম। গরুর মাংস দেশের বিপুল-সংখ্যক মানুষের পছন্দের খাদ্য এবং প্রাণিজ আমিষের অন্যতম উৎস। অথচ বর্তমানে বাজারে প্রতি কেজি গরুর মাংস ৭৮০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ উচ্চমূল্যের কারণে দরিদ্র, নিম্নবিত্ত ও নির্দিষ্ট আয়ের মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য গরুর মাংস কেনা কঠিন হয়ে পড়েছে। এতে বিশেষ করে শিশুদের পুষ্টি ও প্রাণিজ আমিষের চাহিদা পূরণ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।