রাজধানীর তুরাগ এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের খুলনার ফুলতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ওরফে এস কে সাদ্দামকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টার দিকে তুরাগ থানার খালপাড় ব্রিজসংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) তথ্য পর্যালোচনায় দেখা গেছে, সাদ্দামের বিরুদ্ধে খুলনা জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
মামলাগুলোর মধ্যে দিঘলিয়া ও ফুলতলা থানায় বিস্ফোরক দ্রব্য আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় হত্যা, হত্যাচেষ্টা, চুরি ও অন্যান্য অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন। তিনি জানান, সাদ্দাম হোসেন ওরফে এস কে সাদ্দামের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।