মালয়েশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ২০২৬ সালের আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় পুরুষদের হিফজ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ এহতিশামুল হক হিরা। তিনি ৯৭ নম্বর পেয়ে যৌথভাবে প্রথম হয়েছেন। ঢাকার মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর এই শিক্ষার্থীর সাফল্যে গর্বিত মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশিরা।

কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে (ডব্লিউটিসি) অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতা ৬ অক্টোবর শুরু হয়ে শুক্রবার শেষ হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এটি ছিল ৬৬তম আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতা।

পুরুষদের হিফজ বিভাগে বাংলাদেশের এহতিশামুল হক হিরার সমান ৯৭ নম্বর পেয়ে যৌথভাবে প্রথম হয়েছেন সিরিয়ার আবদুল রহমান জামাল ইব্রাহিম। এ বিভাগে মালয়েশিয়ার মুহাম্মদ ইজ্জুল আফনান সাজালি ৯৬.৩৩ নম্বর পেয়ে তৃতীয় স্থান অর্জন করেন।

প্রতিযোগিতার অন্যান্য বিভাগেও বিভিন্ন দেশের প্রতিযোগীরা সাফল্য অর্জন করেছেন। নারীদের তিলাওয়াত বিভাগে মালয়েশিয়ার নুর শাকুরা মোহাম্মদ মুসা ৯১.৮৩ নম্বর পেয়ে প্রথম হন। সিঙ্গাপুরের আতিকাহ বিনতে সুহাইমি ৯১ নম্বর পেয়ে দ্বিতীয় এবং ব্রুনেইয়ের দায়াংকু সিতি উম্মি শায়জানা বিনতে পেঙ্গিরান হাজি মারজুকি ৯০.৮৩ নম্বর পেয়ে তৃতীয় হন।

পুরুষদের তিলাওয়াত বিভাগে ইন্দোনেশিয়ার মুহাম্মদ ফাউজি রিদওয়ান ৯৪.৬৭ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন। মালয়েশিয়ার সিক হাসনুল তাকিয়ুদ্দিন সিক সাজালি ৯২.৯৯ নম্বর পেয়ে দ্বিতীয় এবং বেলজিয়ামের ব্রাহিম বুগালাব ৯২.১৭ নম্বর পেয়ে তৃতীয় হন।

নারীদের হিফজ বিভাগে নাইজারের চাফাতু ইসুফু ৯৬.১৭ নম্বর পেয়ে চ্যাম্পিয়ন হন। লিবিয়ার মিন্নাহ আলী আলসুদানি আগনাইয়াহ ৯৫.৫০ নম্বর পেয়ে দ্বিতীয় এবং মিয়ানমারের থেইন গি মোন ৯৫ নম্বর পেয়ে তৃতীয় স্থান অর্জন করেন।

শনিবার (১০ অক্টোবর) বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরুষদের হিফজ বিভাগে প্রথম হওয়ার স্বীকৃতিস্বরূপ এহতিশামুল হক হিরা পেয়েছেন ৪০ হাজার মালয়েশীয় রিঙ্গিত নগদ অর্থ, একটি সম্মাননা ট্রফি, ৫ হাজার রিঙ্গিত মূল্যের ওমরাহ অথবা মুসলিম পর্যটন প্যাকেজ এবং ৩ হাজার রিঙ্গিত মূল্যের স্বর্ণের বার।

এর আগে মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী হাফেজ সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ, আনাস মাহফুজ ও সা’দ নুরসহ অনেকে বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন।

Home R3