বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে চার দিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে বাণিজ্য সম্প্রসারণ, উন্নয়ন অংশীদারত্ব এবং বিভিন্ন খাতে পারস্পরিক বিনিয়োগের নতুন সুযোগ তৈরির বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারি: বাংলাদেশ সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর ধারাবাহিকতায় জাপান সফরেও বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন অংশীদারত্বকে গুরুত্ব দেওয়া হবে। বাংলাদেশ এখন বিভিন্ন দেশের সঙ্গে নির্দিষ্ট খাতে পারস্পরিক বিনিয়োগের ভিত্তিতে সহযোগিতা গড়ে তুলতে আগ্রহী।
জাপানকে বাংলাদেশের অন্যতম বৃহৎ ও দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের কয়েকটি মেগা প্রকল্পে জাপানের বিনিয়োগ দুই দেশের মধ্যে শক্তিশালী কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি জানান, গত এপ্রিলে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে আয়োজিত এশিয়া প্যাসিফিক অঞ্চলের জ্বালানিসংকট ও স্থায়িত্ববিষয়ক অনলাইন সম্মেলনে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আঞ্চলিক দেশগুলোর সম্মিলিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
হুমায়ুন কবিরের মতে, ওই সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের মধ্য দিয়ে জাপান সরকারের সঙ্গে বাংলাদেশের আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার হয়েছে। আসন্ন সফরে বিভিন্ন খাতে সহযোগিতা এবং পারস্পরিক বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।