ভুয়া রশিদে মাদরাসার নামে টাকা তুলে ধরা খেলেন ৩ প্রতারক

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাদরাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) উপজেলার মালিক সুপার মার্কেট এলাকায় তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, আটজনের একটি চক্র বেশ কিছুদিন ধরে মাদরাসার নাম ব্যবহার করে ভুয়া রশিদের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করে আসছিল। রোববার মালিক সুপার মার্কেট এলাকায় চক্রটির কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করে টাকা তুলতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়।

পরে তাদের কাছে থাকা রশিদ বই যাচাই করে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। এ সময় স্থানীয়রা প্রতারক চক্রের সদস্যদের ধাওয়া করলে পাঁচজন পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তিনজনকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক তিনজনকে থানায় নিয়ে যায়। তাদের কাছ থেকে উদ্ধার করা ভুয়া রশিদ বইয়ে ‘নাজমুল হোসাইন বিপ্লবী’ নামের এক ব্যক্তির মোবাইল নম্বর পাওয়া গেছে।

স্থানীয়দের অভিযোগ, চক্রটি দীর্ঘদিন ধরে মাদরাসার নাম ব্যবহার করে একই কায়দায় মানুষের কাছ থেকে টাকা আদায় করে আসছিল।

দামুড়হুদা থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে পলাতক পাঁচ সদস্যকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।

Home R3