সৌদি আরবে রেসিডেন্সি, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ৯ হাজার ৯৯২ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। খবর গালফ নিউজের।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর যৌথ অভিযানে মোট ১১ হাজার ৮১৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৫ হাজার ৭৯৩ জন আকামা বা আবাসন আইন লঙ্ঘন, ৩ হাজার ৩০৭ জন সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গ এবং ২ হাজার ৭১৯ জন শ্রম আইন অমান্যের অভিযোগে গ্রেপ্তার হন।
এ ছাড়া ভ্রমণ নথি সংগ্রহের জন্য ১৯ হাজার ৮৯৩ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। আরও ৪ হাজার ৯১ জন বর্তমানে দেশত্যাগের প্রক্রিয়ায় রয়েছেন।
আইন লঙ্ঘনের অভিযোগে বর্তমানে ৩২ হাজার ১৩৯ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ৯৩৪ জন পুরুষ এবং ২ হাজার ২০৫ জন নারী।
এদিকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৩৮২ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৬১ শতাংশ ইথিওপিয়ার, ৩৮ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
একই সময়ে সৌদি আরব থেকে অবৈধভাবে বেরিয়ে যাওয়ার চেষ্টাকালে আরও ৩২ জনকে আটক করা হয়েছে।