বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বেই দেশের জ্বালানি সংকটের দ্রুত সমাধান হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শিগগিরই দেশের জ্বালানি সংকট কেটে যাবে। আগামীতে কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আর সমস্যা হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ইরান ইসরাইল যুদ্ধের কারণে তেল ও গ্যাস সরবরাহের প্রধান অঞ্চল মধ্যপ্রাচ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে বিকল্প উৎস খুঁজে পেতে কিছুটা সময় লেগেছে। এর মধ্যে জ্বালানি কেনা হলেও ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার কারণে তা দেশে আনা সম্ভব হয়নি।
তিনি বলেন, বর্তমানে জ্বালানি সঠিকভাবে দেশে আসছে। সাময়িকভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা বিশ্বের বিভিন্ন জায়গাতেও দেখা গেছে। তবে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় জনগণ যে কষ্ট পেয়েছেন, তার জন্য সরকার দুঃখিত।
মন্ত্রী আরও বলেন, জনগণ আস্থা রেখে সরকারকে ভোট দিয়েছে। কিন্তু জ্বালানি সরবরাহে বিঘ্ন ও দুর্ঘটনার কারণে কিছুটা দেরি হয়েছে। এখন জ্বালানি আমদানি করা সম্ভব হয়েছে এবং সরবরাহের সময়সূচিও ঠিক করা হয়েছে। ভবিষ্যতে কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে।
জনগণের কষ্ট লাঘবে সরকার বিকল্প উৎস খুঁজে বের করেছে উল্লেখ করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বেশি দাম দিয়েও গ্যাস আমদানি করা হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজে বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন বলেই দ্রুত সমাধান সম্ভব হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাই দল হিসেবে কাজ করেছেন।