৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ, প্রাণ গেল বাংলাদেশি শিশু নাহিলের

ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরাঞ্চলীয় শহরতলি ওভেরবিলিয়েতে গ্যাস লিক থেকে সৃষ্ট এক ভয়াবহ বিস্ফোরণে নাহিল নামের দুই বছর বয়সী এক বাংলাদেশি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সেইন-সাঁ-দনি (৯৩) ডিপার্টমেন্টের ওভেরবিলিয়ে শহরের রুই পল-ভেরলেন এলাকার একটি আবাসিক প্যাভিলিয়ন বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় দ্বিতল বাড়িটির একটি অংশ পুরোপুরি ধসে পড়ে।

ঘটনার পরপরই স্থানীয় দমকল বাহিনী, পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রেফেকচুরের তথ্যমতে, উদ্ধারকাজে প্রায় ১১০ জন দমকলকর্মী ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধারকারী দল অংশ নিয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের উদ্ধার করে।

ফরাসি সংবাদমাধ্যম লা মঁদ, ল্য পারিজিয়েন এবং বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে প্রাথমিকভাবে গ্যাস লাইন লিকেজকে বিস্ফোরণের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে গ্যাস কীভাবে এবং কোথা থেকে লিক হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতিমধ্যে বিচারিক তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

Home R3