৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পা, গ্রেপ্তার ভারতের বিমানবাহিনীর পাইলট

পাকিস্তানি নারী গোয়েন্দার হানিট্র্যাপে পড়ে সংবেদনশীল তথ্য ফাঁসের অভিযোগে ভারতের বিমানবাহিনীর এক পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, ওই নারী পাকিস্তানের গোয়েন্দা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত।

ভারতীয় সংবাদমাধ্যম *ইন্ডিয়া টুডে* জানায়, প্রায় দুই মাস আগে ওই পাইলটকে গ্রেপ্তার করা হয় এবং পরে তাকে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে মামলা করা হয়েছে।

বিমানবাহিনী সূত্রে জানা গেছে, গত ৩০ মে কর্মরত অবস্থায় ওই উইং কমান্ডারকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে দিল্লির একটি আদালতে হাজির করা হলে আদালত তাকে তিহার কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারের পর তিনি জামিনের আবেদনও করেননি।

তদন্তকারীরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে এক নারীর সঙ্গে তার যোগাযোগ শুরু হয়। সে সময় ওই পাইলট ব্যক্তিগতভাবে মানসিক চাপের মধ্যে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ধীরে ধীরে তাদের মধ্যে বার্তা আদান-প্রদান ও ভিডিও কলে কথোপকথন বাড়ে, যার এক পর্যায়ে তিনি সংবেদনশীল তথ্য ফাঁস করেন।

যদিও কী ধরনের তথ্য ফাঁস হয়েছে তা নির্দিষ্ট করে জানানো হয়নি, তবে সেগুলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।

তদন্তে আরও জানা গেছে, একটি সন্দেহজনক মোবাইল অ্যাপের মাধ্যমেও তার ডিভাইসে প্রবেশাধিকার নেওয়া হয়ে থাকতে পারে। ওই পাইলট তার এক সহকর্মীকে অ্যাপটি ইনস্টল করে দিতে বলেছিলেন বলে তথ্য পেয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে পাকিস্তানি গোয়েন্দা নেটওয়ার্ক তার তথ্য সংগ্রহ করেছে।

এ ঘটনায় বৃহত্তর কোনো গোয়েন্দা নেটওয়ার্ক জড়িত থাকতে পারে বলে মনে করছেন তদন্ত সংশ্লিষ্টরা।

সূত্র: ইন্ডিয়া টুডে

Home R3