বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভারত থেকে ২.০৩ মেট্রিক টন টিয়ার গ্যাস সেল আমদানি হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে টিয়ার গ্যাস সেলাবাহী ভারতীয় ট্রাক বেনাপোল বন্দরে আসে। পরে বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে নিরাপত্তায় দিয়ে যশোর সেনানিবাসে (ক্যান্টনমেন্ট) নিয়ে যাওয়া হয়।
ভারতীয় সরবরাহকারী প্রতিষ্ঠান ‘নরেন্দ্র এক্সপ্লোসিভ লিমিটেড’ থেকে আনা ১৪৫টি কাঠের বাক্সে সংরক্ষিত এই টিয়ার গ্যাস সেল বেনাপোল বন্দর ছাড়ায়। পরে একটি বাংলাদেশি কাভার্ড ভ্যানে করে বেনাপোল বন্দর থেকে চালানটি যশোর সেনানিবাসের উদ্দেশ্যে পাঠানো হয়।
বেনাপোল বন্দরের ৩১ নাম্বার ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডের ওয়ারহাউস ইন্সেসপেক্টর শাহাদৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বন্দর সূত্রে জানা গেছে, আগামী ৯ আগস্ট এসব টিয়ার গ্যাস সেল যশোর সেনানিবাস থেকে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরিতে (বিওএফ) স্থানান্তর করা হবে।
বিস্ফোরকবাহী গাড়িটির সুরক্ষায় বেনাপোল বন্দর থেকে শার্শা থানা পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬ সদস্যের একটি দল বিশেষ নিরাপত্তা স্কট প্রদান করে।
পরবর্তীতে শার্শা থেকে যশোর সেনানিবাস পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনীর একটি স্কট দল। গাড়িটি বেনাপোল, শার্শা, নাভারন ও ঝিকরগাছা হয়ে নিরাপদে যশোর সেনানিবাসে পৌঁছায়।