২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নেবে মিয়ানমার, জানালেন আনোয়ার ইব্রাহিম

বাংলাদেশ থেকে প্রায় তিন লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে আগ্রহ প্রকাশ করেছে মিয়ানমার। দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে বুধবার (২৯ জুলাই) এ তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, বৈঠকে প্রথম ধাপে মালয়েশিয়ায় অবস্থানরত পাঁচ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার। আনোয়ার ইব্রাহিম এ উদ্যোগকে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধানের একটি প্রাথমিক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, “অনেকে বলেন তাদের ফেরত পাঠাতে। কিন্তু কোথায় ফেরত পাঠাব? মিয়ানমার এতদিন তাদের নিতে চাইত না। এখন তারা প্রথম ধাপে পাঁচ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে, যা ইতিবাচক পদক্ষেপ।”

রাখাইন রাজ্যে সহিংসতা ও নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের অন্যতম বড় আশ্রয়স্থল বাংলাদেশ ও মালয়েশিয়া। ২০১৭ সাল থেকে মিয়ানমারের সামরিক বাহিনীর দমন-পীড়নের মুখে ১৩ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এছাড়া বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিয়ে অনেকে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় পৌঁছেছেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও জানান, আঞ্চলিক এই শরণার্থী সংকটের টেকসই সমাধান খুঁজতে মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখা হবে। তবে বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন কবে শুরু হবে—সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।

Home R3