যুক্তরাজ্যের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজন হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করতেও দ্বিধা করবেন না বলে জানিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম।
দায়িত্ব গ্রহণের পর বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্পের সঙ্গে তার প্রথম আলাপ ইতিবাচক ছিল এবং তাকে ‘খুবই আন্তরিক’ মনে হয়েছে। তবে ট্রাম্পকে বিশ্বাস করেন কি না—এ প্রশ্নে সরাসরি জবাব এড়িয়ে যান তিনি।
বার্নহ্যাম বলেন, “বিশ্ব সবসময় পরিবর্তনশীল। পরিস্থিতি অনুযায়ীই সিদ্ধান্ত নিতে হয়।” তিনি আরও যোগ করেন, যুক্তরাজ্যের জন্য সঠিক মনে হলে ভিন্ন মত তুলে ধরতেও তিনি পিছপা হবেন না।
মার্কিন প্রেসিডেন্টের সমালোচনা করা উচিত কি না—এ প্রশ্নে তিনি বলেন, “অবশ্যই। সবার আগে জাতীয় স্বার্থ রক্ষা করতে হবে। সেটি করতে হলে প্রয়োজনীয় অবস্থান নিতেই হবে।”
প্রতিরক্ষা ব্যয়ের বিষয়ে বার্নহ্যাম কোনো নির্দিষ্ট সময়সীমা দেননি। জিডিপির ৩ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয়ের লক্ষ্য নিয়ে তিনি বলেন, বিষয়টির গুরুত্ব সম্পর্কে তিনি অবগত এবং সে অনুযায়ী নতুন অর্থমন্ত্রী নিয়োগ দিয়েছেন।
এদিকে আগাম সাধারণ নির্বাচন প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, ২০২৯ সালের আগে কোনো নির্বাচন আয়োজনের পরিকল্পনা নেই। “আমি মনে করি না জনগণ এটি চায়,”—বলেন তিনি।
বার্নহ্যাম জানান, তার সরকারের প্রধান লক্ষ্য এখন দেশের অর্থনীতি ও সামগ্রিক পরিস্থিতি পুনর্গঠন করা।