২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে মুসলিম দম্পতিকে মারধর

ভারতে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে এক মুসলিম দম্পতিকে মারধরের অভিযোগে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি বেঙ্গালুরুতে ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (২২ জুলাই) সকালে শহরের একটি সড়কে ২৩ বছর বয়সী নাসরিনা ও তার স্বামী মোহাম্মদ বিলালের পথরোধ করেন অভিযুক্ত চিকিৎসক ডা. নাগেন্দ্রাপ্পা। এ সময় তিনি দম্পতিকে বাংলাদেশি নাগরিক এবং পূর্বে ভারত থেকে বহিষ্কৃত বলে অভিযোগ তোলেন।

ভুক্তভোগী নাসরিনার অভিযোগ, চিকিৎসক তাদের জাতীয়তা নিয়ে হিন্দিতে গালিগালাজ করেন এবং একপর্যায়ে তাকে টেনেহিঁচড়ে মারধর করেন। পরে তার স্বামী বিলালের ওপরও হামলা চালানো হয়। তাকে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করা হয় এবং বিষয়টি পুলিশকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় বেলান্দুর থানায় অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে মারধর, নারীর মর্যাদাহানি, বেআইনিভাবে আটকে রাখা এবং অপরাধমূলক হুমকির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দম্পতির জাতীয়তা সংক্রান্ত দাবির সত্যতা এখনও যাচাই করা হয়নি এবং তদন্ত অব্যাহত রয়েছে।

এদিকে গ্রেপ্তারের আগে অভিযুক্ত চিকিৎসক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে ঘটনাটির ভিডিও প্রকাশ করেন। সেখানে তাকে দম্পতিকে বাংলাদেশের নাগরিক দাবি করতে দেখা যায়। অন্যদিকে ভিডিওতে বিলালকে বলতে শোনা যায়, তিনি গত ২০ বছর ধরে বেঙ্গালুরুতে বসবাস করছেন।

পরে বৃহস্পতিবার (২৩ জুলাই) পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং শুক্রবার (২৪ জুলাই) তিনি জামিনে মুক্তি পান। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Home R3