২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

গালাগাল অশ্লীলতার মধ্যে পড়ে না: ভারতের সুপ্রিম কোর্ট

ভারতের সুপ্রিম কোর্ট এক গুরুত্বপূর্ণ রায়ে জানিয়েছে, কেবল গালিগালাজ বা কটু ভাষা ব্যবহার করলেই তা আইনের চোখে অশ্লীলতা হিসেবে গণ্য হবে না। আদালত স্পষ্ট করে বলে, ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারার আওতায় অপরাধ হিসেবে বিবেচিত হতে হলে বক্তব্যে অতিরিক্ত কামোদ্দীপক উপাদান থাকতে হবে, যা সমাজে নৈতিক অবক্ষয় সৃষ্টি করতে পারে।

বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চ এই পর্যবেক্ষণ দেন। এক মামলার আপিল শুনানির সময় তারা বলেন, অভিযোগের সবকিছু সত্য হলেও শুধুমাত্র গালিগালাজ বা অসভ্য ভাষা ব্যবহারকে অশ্লীলতা বলা যাবে না।

আদালত আরও জানায়, এই ধারায় অপরাধ প্রমাণের জন্য জনসমক্ষে অন্য কেউ বিরক্ত বা উত্যক্ত হয়েছেন—এমন প্রমাণ থাকা জরুরি, যা সংশ্লিষ্ট মামলায় পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০১৭ সালে তামিলনাড়ুতে জমি সংক্রান্ত বিরোধ থেকে এই মামলার সূত্রপাত হয়। নিম্ন আদালত অভিযুক্তকে বিভিন্ন ধারায় দোষী সাব্যস্ত করলেও পরবর্তীতে উচ্চ আদালত ও সর্বোচ্চ আদালত সেই রায়ে সংশোধন আনে।

Home R3