ভারতের গুজরাটের জুনাগড় জেলার গিরনার পাহাড়ে সিংহের আক্রমণে ১১ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১২ জুলাই) ভোরে শত শত ভক্তের সামনে এই ঘটনা ঘটে।
নিহত শিশুটি গুজরাটের খেড়া জেলার মোদাজ গ্রামের বাসিন্দা। পরিবারসহ গিরনার পাহাড়ে তীর্থযাত্রায় যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
বনবিভাগ সূত্রে জানা যায়, ভোরে তীর্থযাত্রা পথের প্রায় ৫০তম ধাপের কাছে শিশুটি পরিবারের সঙ্গে উপরে উঠছিল। এ সময় হঠাৎ একটি সিংহ তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে টেনে পাশের ঘন জঙ্গলে নিয়ে যায়।
ঘটনার পরপরই বনকর্মী ও ট্র্যাকাররা উদ্ধার অভিযান শুরু করেন। পরে ঘটনাস্থল থেকে প্রায় ১০০ মিটার দূরে শিশুটির দেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়। সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে গিরনার পাহাড়ের তীর্থযাত্রা স্থগিত করে। এরপর বনরক্ষী, ট্র্যাকার ও পশুচিকিৎসকদের সমন্বয়ে চার ঘণ্টার চিরুনি অভিযানে হামলায় জড়িত সিংহটিকে আটক করা হয়।
এছাড়া সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের এলাকা থেকে আরও দুটি সিংহকে ধরে জুনাগড়ের সাক্কারবাগ চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।
বন কর্মকর্তারা জানান, আটক সিংহটি বমি করলে তাতে মানবদেহের খণ্ডাংশ পাওয়া যায়, যা হামলার প্রমাণকে জোরালো করে। ঘটনাস্থল থেকেও সিংহের থাবার ছাপসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।
গিরনার পাহাড় ভারতের অন্যতম পবিত্র তীর্থস্থান। এখানে আম্বাজি মন্দির ও দত্তাত্রেয় মন্দিরসহ হিন্দু ও জৈন ধর্মের বহু প্রাচীন উপাসনালয় রয়েছে। প্রতিদিন হাজার হাজার ভক্ত প্রায় ১০ হাজার সিঁড়ি বেয়ে এই পাহাড়ে আরোহন করেন।