যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তিনি বলেন, চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরান আলোচনায় আসতে মরিয়া।
শনিবার (৪ জুলাই) যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধনকালে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প আরও দাবি করেন, যুদ্ধের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা আয়োজনের জন্য ওয়াশিংটন তেহরানকে এক সপ্তাহ সময় দিয়েছিল।
ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি, বিশ্ব রাজনীতিতে দেশের প্রভাব এবং সাম্যবাদের হুমকি নিয়েও দীর্ঘ বক্তব্য দেন।
ট্রাম্প বলেন, “আমরা একদিনেই ভেনেজুয়েলাকে পরাজিত করেছি এবং ইরানকে সম্পূর্ণভাবে দুর্বল করে দিয়েছি। তারা সমঝোতার জন্য অত্যন্ত আগ্রহী।”
তিনি আরও বলেন, “আমরা তাদের জানাজার জন্য এক সপ্তাহ সময় দিয়েছি, কারণ আমরা মানবিক।”
তবে ট্রাম্পের এসব দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।