নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের ওন্দো প্রদেশে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী ও সাতজন ক্রু সদস্য ছিলেন। সোমবার রাতে দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেন।

সোমবার (৫ অক্টোবর) সকালে বেনিন সিটি থেকে লাগোস যাওয়ার পথে নিয়মিত মিশনে ছিল নাইজেরিয়ান বিমানবাহিনীর এটিআর-৪২ বিমানটি। স্থানীয় সময় সকাল ৯টা ১৩ মিনিটে বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ইগবোকোডা এলাকার একটি নৌঘাঁটির কাছে জলাভূমি থেকে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।

দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট টিনুবু। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি দেশজুড়ে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।

Home R3