৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানের সঙ্গে দ্রুতগতিতে আলোচনা চলছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা এখনও অব্যাহত রয়েছে এবং তা দ্রুতগতিতে এগোচ্ছে। যদিও এর আগে কিছু প্রতিবেদনে বলা হয়েছিল, চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তেহরান ওয়াশিংটনের সঙ্গে পরোক্ষ আলোচনা স্থগিত করেছে।

স্থানীয় সময় সোমবার (১ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আলোচনা দ্রুত গতিতে চলতে রয়েছে।

এর আগে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছিল, ইসরাইল তাদের সেনাদের লেবাননের ভেতরে আরও অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করেছে তেহরান।

তবে এ বিষয়ে ট্রাম্প বলেন, ইরান আলোচনা স্থগিত করেছে—এমন কোনো তথ্য ওয়াশিংটনকে জানানো হয়নি। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তারা আমাদের এ বিষয়ে কিছু জানায়নি।

তিনি আরও জানান, দুই পক্ষের মধ্যে কিছু সময় নীরবতা থাকলেও এতে তার আপত্তি নেই এবং প্রয়োজনে তিনি অপেক্ষা করতে প্রস্তুত। তার ভাষায়, হয়তো আমরা অনেক বেশি কথা বলছি। কিছু সময় নীরব থাকা ভালো, আর সেটা দীর্ঘ সময়ের জন্যও হতে পারে।

এদিকে, আলোচনায় সাময়িক বিরতি এলেও ইরানের ওপর সামরিক হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ট্রাম্প। তবে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে সিএনবিসিকে দেওয়া পৃথক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আলোচনা শেষ হয়ে গেলেও তিনি তা নিয়ে উদ্বিগ্ন নন। তবে এসব মন্তব্যের কিছুক্ষণ পরই সামাজিক মাধ্যমে নতুন বার্তা দিয়ে তিনি আবারও নিশ্চিত করেন, ইরানের সঙ্গে আলোচনা এখনো চলমান রয়েছে।

সূত্র: আল আরাবিয়া

Home R3