৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ভেতরে ছিলেন ৩ সেনা কর্মকর্তা

ভারতের লাদাখ অঞ্চলের লেহ জেলায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে থাকা তিনজন সেনা কর্মকর্তা অল্পের জন্য প্রাণে রক্ষা পান। শনিবার (২৩ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ‘চিতা’ মডেলের হেলিকপ্টারটি গত বুধবার (২০ মে) দুর্ঘটনার শিকার হয়। এতে একজন লেফটেন্যান্ট কর্নেল, একজন মেজর এবং ৩য় ইনফ্যান্ট্রি ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল শচীন মেহতা উপস্থিত ছিলেন। হেলিকপ্টারটি পরিচালনা করছিলেন লেফটেন্যান্ট কর্নেল ও মেজর, আর মেজর জেনারেল মেহতা যাত্রী হিসেবে ছিলেন।

দুর্ঘটনায় হেলিকপ্টারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও তিনজনই জীবিত উদ্ধার হন। তবে তারা সবাই আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে তাদের একটি সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে ক্ষতিগ্রস্ত হেলিকপ্টারের পাশে তাদের বসে থাকতে দেখা যায়।

দুর্গম পার্বত্য এলাকায় এই দুর্ঘটনার পরও তাদের বেঁচে থাকাকে অনেকেই অলৌকিক হিসেবে দেখছেন। যদিও দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি, তবে পুরোনো চিতা হেলিকপ্টার বহরের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, পাঁচ আসনের ‘চিতা’ হেলিকপ্টার উচ্চ উচ্চতায় উড্ডয়নের সক্ষমতার জন্য পরিচিত। ১৯৮৪ সালে সিয়াচেন হিমবাহে সামরিক অভিযানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও, সাম্প্রতিক বছরগুলোতে একাধিক দুর্ঘটনায় জড়িয়েছে এই আকাশযান। এতে বেশ কয়েকজন পাইলটের প্রাণহানির ঘটনাও ঘটেছে।

এই প্রেক্ষাপটে পুরোনো চিতা হেলিকপ্টারগুলো ধীরে ধীরে প্রত্যাহার করে দেশীয়ভাবে নির্মিত হালকা ইউটিলিটি হেলিকপ্টার (এলইউএইচ) দিয়ে প্রতিস্থাপন করা হচ্ছে। রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড নির্মিত এই নতুন হেলিকপ্টার সর্বোচ্চ ২২০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি, ৬.৫ কিলোমিটার উচ্চতা এবং প্রায় ৩৫০ কিলোমিটার অপারেশনাল রেঞ্জে চলাচলের জন্য সক্ষম।

এদিকে, সাম্প্রতিক এই দুর্ঘটনা সামরিক বিমান নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

Home R3