১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আবারও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত

আবারও ‘অগ্নি’ সিরিজের একটি উন্নত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। দেশটির দাবি, একটি ক্ষেপণাস্ত্র দিয়েই ভিন্ন ভিন্ন ভৌগোলিক অবস্থানে থাকা একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব।

গত ৮ মে ওড়িশা উপকূলের ড. এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে এ পরীক্ষা পরিচালনা করে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) এবং স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড।

প্রেস ইনফরমেশন ব্যুরো জানায়, ক্ষেপণাস্ত্রটি একাধিক বিস্ফোরক বহন করে সফলভাবে উৎক্ষেপণ করা হয় এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম হয়। ভূমি ও সমুদ্রভিত্তিক একাধিক স্টেশন থেকে পুরো মিশনটি পর্যবেক্ষণ করা হয় এবং সব লক্ষ্য পূরণ হয়েছে বলে ট্র্যাকিং ডাটায় নিশ্চিত করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ব্যবহৃত এমআইআরভি প্রযুক্তি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ। কারণ প্রতিটি বিস্ফোরক আলাদা গতিপথ অনুসরণ করে পৃথকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

যদিও ক্ষেপণাস্ত্রটির আনুষ্ঠানিক নাম ঘোষণা করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে এটি অগ্নি-৫-এর উন্নত সংস্করণ। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এই পরীক্ষা ভারতের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা আরও জোরদারের অংশ।

আইসিবিএম হলো এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যা ৫৫০০ কিলোমিটারেরও বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

সূত্র: এনডিটিভি