মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে কটূক্তির দায়ে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস-এর সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদ-এ রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি তোলেন।
সংসদে বক্তব্য দিতে গিয়ে হানজালা বলেন, সময় সময় কিছু ব্যক্তি মহানবী (সা.)–এর শানে কটূক্তি ও অশ্লীল ভাষা ব্যবহার করে, যা মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। তিনি দাবি করেন, এসব ঘটনার প্রতিবাদে আন্দোলনে গিয়ে অতীতে প্রাণহানির ঘটনাও ঘটেছে।
তিনি বলেন, “যারা নবীকে নিয়ে কটূক্তি করে, নবীর নামে গালিগালাজ করে—তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন সংসদ থেকে পাস করা হোক।”
এ সময় তিনি আরও উল্লেখ করেন, ওলামায়ে কেরামের একটি বড় দাবি হলো— মহানবী হজরত মুহাম্মদ (সা.) শেষ নবী এবং তাঁর পরে আর কোনো নবী নেই। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, দেশে এমন একটি গোষ্ঠী রয়েছে যারা নবী (সা.)–কে অস্বীকার করেও নিজেদের মুসলমান দাবি করে।
প্রধানমন্ত্রীর উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আপনার মাধ্যমে যদি এ বিষয়টি আইনি স্বীকৃতি পায়—যারা নবী (সা.)–কে অস্বীকার করে তারা মুসলমান নয়—এ ঘোষণা জাতীয় সংসদ থেকে আসুক, সেটাই আমরা প্রত্যাশা করি।”