১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি যে কোনো সময় ভেঙে যেতে পারে বলে সতর্ক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সোমবার (১৩ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে এমন মন্তব্য করেন তিনি।

নেতানিয়াহু বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র যে অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে, তাতে ইসরায়েল সমর্থন জানাচ্ছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি।

তিনি জানান, গত শনিবার পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত আলোচনার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাকে বিস্তারিত অবহিত করেন।

নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী, ওই আলোচনার শর্ত ছিল—যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা বন্ধ রাখবে এবং ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। তবে ইরান এখনো প্রণালি উন্মুক্ত না করায় তারা শর্ত ভঙ্গ করেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়েও আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি ছিল, সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরান থেকে সরিয়ে নিতে হবে এবং দীর্ঘ সময়ের জন্য দেশটিকে এ কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।

নেতানিয়াহু বলেন, বিষয়টি ইসরায়েলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্র: টাইমস অব ইসরায়েল