৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ দেশ থেকে সহজ শর্তে কর্মী নেবে ডেনমার্ক

বিদেশি দক্ষ কর্মীদের জন্য কাজের সুযোগ আরও সম্প্রসারিত করতে যাচ্ছে ইউরোপের দেশ ডেনমার্ক। বৈশ্বিক পেশাদারদের দেশটিতে ক্যারিয়ার গড়ার পথ সহজ করতে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে একটি নতুন অভিবাসন ব্যবস্থা কার্যকর হতে যাচ্ছে।

অভিবাসনবিষয়ক আন্তর্জাতিক পরামর্শক সংস্থা ‘ফ্র্যাগোমেন’ এবং ভারতীয় সংবাদমাধ্যম *এনডিটিভি* সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন এই নীতিমালার আওতায় নির্দিষ্ট ১৬টি দেশের নাগরিকরা তুলনামূলক সহজ প্রক্রিয়ায় ডেনমার্কে গিয়ে কাজ করার সুযোগ পাবেন। তালিকায় থাকা দেশগুলো হলো ভারত, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, জাপান, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউক্রেন, আলবেনিয়া, মলদোভা, মন্টিনিগ্রো, উত্তর মেসিডোনিয়া, সার্বিয়া ও সিঙ্গাপুর।

এই প্রক্রিয়ায় ডেনিশ প্রতিষ্ঠানগুলোর জন্য কর্মী নিয়োগের ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট শর্ত নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ডেনমার্কে কমপক্ষে দুই বছর ধরে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে হবে, প্রতিষ্ঠানে অন্তত ১০ জন পূর্ণকালীন কর্মী থাকতে হবে এবং স্থানীয় শ্রম আইন অনুযায়ী যৌথ চুক্তি মেনে চলতে হবে। এই মানদণ্ডগুলো পূরণকারী নিয়োগকর্তারা ডেনিশ অভিবাসন কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় সনদ নিয়ে সরাসরি উল্লেখিত দেশগুলো থেকে কর্মী নিয়োগ দিতে পারবেন।

উদ্যোগটির সবচেয়ে বড় সুবিধা রাখা হয়েছে বেতনসীমায়। নতুন এই ব্যবস্থায় নিয়োগপ্রাপ্ত কর্মীদের জন্য সর্বনিম্ন বার্ষিক বেতন ধরা হয়েছে ৩ লাখ ২২ হাজার ডেনিশ ক্রোন (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৭ লাখ টাকা)। ডেনমার্কে কর্মসংস্থানভিত্তিক প্রচলিত অন্যান্য ওয়ার্ক পারমিটের নির্ধারিত বেতনসীমার তুলনায় এটি যথেষ্ট কম। ফলে স্থানীয় নিয়োগকর্তাদের জন্য বিদেশি কর্মী আনার খরচ ও প্রক্রিয়া যেমন সহজ হবে, তেমনি আন্তর্জাতিক পেশাদারদের ডেনমার্কে কাজের সুযোগও ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।

Home R3