চলমান কাঁওয়ার যাত্রাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ভারতের প্রখ্যাত ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় এক লিখিত নির্দেশনায় এ পরামর্শ দেওয়া হয়।
দারুল উলুম দেওবন্দের হোস্টেল ইনচার্জ মাওলানা আশরাফ আব্বাসের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখতেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। চলমান কাঁওয়ার যাত্রা আগামী ১১ আগস্ট পর্যন্ত চলবে।
নির্দেশনায় শিক্ষার্থীদের অপ্রয়োজনে বাইরে যেতে নিষেধ করা হয়েছে। বিশেষ করে কাঁওয়ার যাত্রার রুট ও জিটি রোড এড়িয়ে চলতে বলা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া শিক্ষার্থীদের ক্যাম্পাসের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া সূর্যাস্তের পর কোনো শিক্ষার্থী পরিচয়পত্র ছাড়া ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। প্রতিষ্ঠান থেকে দেওয়া পরিচয়পত্র দেখিয়েই প্রবেশ করতে হবে।
দারুল উলুম দেওবন্দ জানিয়েছে, বড় পরিসরের এই ধর্মীয় যাত্রার সময় নিরাপত্তা ও চলাচলে শৃঙ্খলা বজায় রাখতেই এসব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে কাঁওয়ার যাত্রাকে ঘিরে সাম্প্রতিক কয়েকটি সহিংস ঘটনার পর এই সতর্কতা জারি করা হলো। গত ৩ আগস্ট লখনৌতে কাঁওয়ার যাত্রায় অংশ নেওয়া একদল ব্যক্তির বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি স্কুলভ্যানে হামলার অভিযোগ ওঠে। তারা ভ্যানটির জানালা ভাঙচুর করে। তবে এতে কোনো শিশু আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে।
এ ছাড়া হরিদ্বারে সামান্য একটি সড়ক দুর্ঘটনার পর কয়েকজন কাঁওয়ার যাত্রীর বিরুদ্ধে একটি গাড়ির চালককে মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। পরে মেরঠেও ওই হামলা চালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া যায়।
কাঁওয়ার যাত্রার সময় এ ধরনের ঘটনা নতুন নয়। এ নিয়ে বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক টার্গেটিংয়ের অভিযোগও উঠেছে। বিশেষ করে মুসলিম মালিকানাধীন দোকান, খাবারের দোকান ও যানবাহন ভাঙচুরের অভিযোগ রয়েছে। যাত্রাপথের ব্যবসায়ীদের অনেক সময় দোকান বন্ধ রাখা বা দোকানের পরিচয় ঢেকে রাখার জন্য চাপ দেওয়ার অভিযোগও পাওয়া যায়। কোথাও কোথাও স্থানীয় প্রশাসন সাময়িকভাবে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিধিনিষেধও জারি করেছে।
সূত্র : মুসলিম মিরর