নেপালে টানা বৃষ্টি-ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু

নেপালে টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও ভূমিধসে গত ২৪ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনে ২১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করা হয়েছে এবং আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন।

দুর্যোগ মোকাবিলা সংস্থা এনডিআরআরএমএর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, নিহতদের মধ্যে ১৪ জন ভূমিধসে মারা গেছেন। বৃষ্টি ও ভূমিধসে প্রায় ২৬০টি ঘরবাড়ি পুরোপুরি এবং ৮০টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

চার দিনে দেশটির ১০৬টি এলাকায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। গণ্ডকী প্রদেশের নবলপরশি জেলার দুমকুয়ালিতে সর্বোচ্চ ৪৬৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

দুর্গত এলাকা থেকে প্রায় ৩ হাজার মানুষকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। দুর্গম পার্বত্য এলাকায় উদ্ধারে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। দুর্যোগের সময় নেপালে থাকা প্রায় ৯ হাজার বিদেশি পর্যটক, পর্বতারোহী ও ট্রেকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র : এএনআই নিউজ

Home R3