২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

হাসপাতালে নেওয়া হলো ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে

দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার (২৫ মে) সন্ধ্যায় তেল আবিবের হাদাসাহ আইন কেরেম মেডিকেল সেন্টারে তাকে ভর্তি করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, মূলত দাঁতের চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। হিব্রু গণমাধ্যমে খবর প্রকাশের পর এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়।

৭৬ বছর বয়সী এই নেতার স্বাস্থ্য নিয়ে সাম্প্রতিক সময়ে নানা আলোচনা তৈরি হয়েছে। তার অসুস্থতার তথ্য গোপন রাখার অভিযোগ ওঠায় জনমনে উদ্বেগ ও জল্পনা-কল্পনা বেড়েছে।

গত মাসে নেতানিয়াহু সামাজিক মাধ্যমে জানান, তিনি হাদাসাহ মেডিকেল সেন্টারে প্রোস্টেটের ক্যান্সারজনিত টিউমারের সফল অস্ত্রোপচার করিয়েছেন। তবে রোগ নির্ণয় ও চিকিৎসার সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি।

এর আগে ২০২৩ সালের জুলাইয়ে তার শরীরে পেসমেকার বসানো হয়। এছাড়া ২০২৪ সালের মার্চে হার্নিয়া এবং একই বছরের ডিসেম্বরে প্রোস্টেট অপসারণের অস্ত্রোপচার করা হয়।

স্বাস্থ্য সংক্রান্ত তথ্য প্রকাশে অস্পষ্টতা এবং পূর্বের কিছু ঘটনার কারণে তার সামগ্রিক শারীরিক অবস্থা নিয়ে সমালোচনা ও প্রশ্ন অব্যাহত রয়েছে।

সূত্র: টাইমস অব ইসরাইল

Home R3