১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

হরমুজে ১০৭ দিন ধরে আটকা ৫৬২ ভারতীয় নাবিক

ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রভাবে হরমুজ প্রণালিতে দীর্ঘদিন ধরে আটকে পড়েছে ভারতের পতাকাবাহী একাধিক জাহাজ। এসব জাহাজে থাকা শত শত ভারতীয় নাবিক এখন চরম অনিশ্চয়তা ও সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত ১৩টি ভারতীয় পতাকাবাহী জাহাজ গত ১০৭ দিন ধরে হরমুজ প্রণালি ও ওমান উপসাগরে আটকে রয়েছে। এসব জাহাজে মোট ৫৬২ জন ভারতীয় নাবিক অবস্থান করছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, দীর্ঘ সময় ধরে আটকে থাকার কারণে জাহাজগুলোতে খাদ্য ও ওষুধ সংকট দেখা দিয়েছে। ইতোমধ্যে ‘এমটি সেলেস্টিয়াল’ নামের একটি জাহাজে নিশান্ত উরথানাথন নামের এক ভারতীয় নাবিক অসুস্থ হয়ে মারা গেছেন।

ওমানের মাস্কটে নিযুক্ত ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা নিহত নাবিকের পরিবার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। মরদেহ দ্রুত ভারতে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্যমতে, আটকে থাকা ১৩টি জাহাজের মধ্যে ৩২৯ জন নাবিক হরমুজ প্রণালির পশ্চিম অংশে এবং ২৩৩ জন নাবিক পূর্ব অংশ ও ওমান উপসাগরে অবস্থান করছেন। গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলমান এই পরিস্থিতির কারণে তারা ধীরে ধীরে চরম মানসিক ও শারীরিক চাপে পড়ছেন।

এদিকে, ওমান উপকূলে ভারতীয় পতাকাবাহী ‘বিরাট ১’ নামের একটি জাহাজেও নতুন ঘটনা ঘটেছে। ভারতীয় দূতাবাস জানিয়েছে, জাহাজটির ১৪ জন ক্রু ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর উদ্ধার নৌকায় আশ্রয় নেন। বর্তমানে ওমানি কর্তৃপক্ষ এবং আশপাশের জাহাজগুলোর সহযোগিতায় উদ্ধার অভিযান চলছে।

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য ও নাবিকদের নিরাপত্তা নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হতে পারে।

Home R3