২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সৌদির কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া

সৌদি আরবের পবিত্র মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতার চতুর্থ শাখায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া।

নুরুদ্দিন জাকারিয়া রাজধানীর আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। এবারের প্রতিযোগিতায় তিনি চতুর্থ শাখায় অংশ নেন। এই শাখায় প্রতিযোগীদের টানা ১৫ পারা কুরআন হিফজের পাশাপাশি তিলাওয়াত ও তাজবিদের দক্ষতা যাচাই করা হয়।

এবারের প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী অংশ নেন। পাঁচটি পৃথক শাখায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় সৌদি আরব ও বিভিন্ন দেশের বিচারকদের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক বিচারকমণ্ডলী প্রতিযোগীদের মূল্যায়ন করেন। প্রতিযোগিতার বিভিন্ন শাখায় মোট ৫০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

প্রতিযোগিতা চলাকালে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)কে দেওয়া বক্তব্যে নুরুদ্দিন জাকারিয়া বলেন, পবিত্র কুরআনই তাকে একটি ছোট গ্রাম থেকে মক্কার পবিত্র ভূমিতে নিয়ে এসেছে। মসজিদুল হারামে এসে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাওয়াকে তিনি তাঁর কুরআনিক জীবনের অন্যতম বড় সম্মান ও স্মরণীয় অর্জন হিসেবে উল্লেখ করেন।

সৌদি আরবের ইসলামবিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় মোট ১ কোটি ২৬ লাখ সৌদি রিয়াল পুরস্কার ঘোষণা করা হয়।

বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়ার প্রথম স্থান অর্জন দেশের জন্য নিঃসন্দেহে একটি গৌরবজনক অর্জন।

সূত্র : সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)

Home R3