লোহিত সাগরে ইয়েমেন উপকূলে হামলার কবলে পড়ে ভারতের পতাকাবাহী একটি জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার (৪ আগস্ট) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের হোদেইদা বন্দর থেকে প্রায় ১৩ নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে ‘এমএসভি ফাইজে নুরি ওলিয়ে’ নামের জাহাজটি হামলার শিকার হয়। হোদেইদা বন্দর বর্তমানে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।
জাহাজটিতে মোট ১৪ জন নাবিক ছিলেন, যাদের মধ্যে ১৩ জন ভারতীয় এবং একজন ইয়েমেনি নাগরিক। হামলার পরপরই একটি যৌথ উদ্ধার অভিযানের মাধ্যমে তাদের সবাইকে জীবিত উদ্ধার করা হয়।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের ন্যাশনাল রেজিস্টেন্স ফোর্স জানায়, তাদের কোস্টগার্ডের নৌ ইউনিট উদ্ধার অভিযান পরিচালনা করে এবং নাবিকদের নিরাপদে সরিয়ে নেয়।
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, কোনো ধরনের উস্কানি ছাড়াই তাদের জাহাজে এ হামলা চালানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে লোহিত সাগরে অবরোধ আরোপ করে হুতি বিদ্রোহীরা ঘোষণা দিয়েছিল, সৌদি আরবের পণ্যবাহী কোনো জাহাজ বাব এল মান্দেব প্রণালি দিয়ে চলাচল করতে পারবে না।
সূত্র: এনডিটিভি।