১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

লোডশেডিং কমাতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: ডা. জাহেদ উর রহমান

বিদ্যমান নানা সংকটের মধ্যেও সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার লোডশেডিং কমানোর সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তথ্য উপদেষ্টা বলেন, অতীতে ঢাকাকেন্দ্রিক বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গিয়ে গ্রামাঞ্চলে মাত্রাতিরিক্ত লোডশেডিং দেওয়া হতো। তবে বর্তমান সরকার সেই বৈষম্যমূলক নীতি থেকে সরে এসে সংকটের বোঝা সবার মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও জানান, অতীতে আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তী সরকারের আমলে ‘নিরবচ্ছিন্ন বিদ্যুৎ’ সরবরাহের যে দাবি করা হয়েছিল, বাস্তবে তখন কী পরিমাণ লোডশেডিং হতো সেই তথ্যও দ্রুত প্রকাশ করা হবে।

এ প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আশা করি আগামী সপ্তাহে আপনাদের আমি সেই ডেটাটাও দিতে পারব। বিষয়টি নিয়ে আমি কাজ করছি—ওই সময়ে প্রকৃতপক্ষে কী পরিমাণ এবং কত মেগাওয়াটের লোডশেডিং হয়েছিল তা সবার সামনে তুলে ধরা হবে।

Home R3