ভারতের সঙ্গে বাংলাদেশে পূজার পরিবেশের কোনো পার্থক্য নেই: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ স্বাচ্ছন্দ্যে দুর্গাপূজা পালন করছেন এবং ভারতের সঙ্গে বাংলাদেশের পূজার পরিবেশের কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক পার্কে আয়োজিত শারদোৎসব ১৪৩৩-এর পূজামণ্ডপ পরিদর্শন ও অঞ্জলি প্রদান শেষে তিনি এ মন্তব্য করেন।

এ সময় দীনেশ ত্রিবেদী সবার মনের অশুভ চিন্তা দূর করে ভালো শিক্ষা, সুস্বাস্থ্য ও ইতিবাচক চিন্তার চর্চার আহ্বান জানান। পূজামণ্ডপগুলোর পরিবেশ দেখেও সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

এর আগে সকাল ৯টায় পরিবারের সদস্যদের নিয়ে পূজামণ্ডপে উপস্থিত হন ভারতীয় হাইকমিশনার। পরে অঞ্জলি প্রদান শেষে আয়োজকদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সভাপতি শ্রী অলক শাহা দুই দেশের মানুষের মধ্যে বন্ধন আরও গভীর হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

পরে দুপুরে রাজধানীর জগন্নাথ হলের পূজামণ্ডপও পরিদর্শন করেন দীনেশ ত্রিবেদী। সেখানে তিনি বলেন, মহাষ্টমীর দিন সবার সামনে আসতে পেরে তিনি আনন্দিত। এ সময় তিনি জানতে পারেন, সেখানকার শিবমন্দিরটি প্রায় ২০০ বছরের পুরোনো। বিষয়টি জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন।

তিনি আরও বলেন, সব জায়গায় তিনি সুখ-শান্তির পরিবেশ কামনা করেন। এই পরিবেশ যেন প্রতিদিন বজায় থাকে, সে প্রার্থনাও করেন তিনি। পাশাপাশি সবাইকে ভালো ও সুস্থ থাকার আহ্বান জানান।

Home R3