৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রিসোর্টের ঘটনা ছিল আমাকে হত্যার নীল নকশা: মাওলানা মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ২০২১ সালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে তাকে পরিকল্পিতভাবে হত্যার নীল নকশা করেছিল তৎকালীন স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। তবে সেই ষড়যন্ত্রে তারা নিজেরাই ফেঁসে গিয়েছিল।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে সোনারগাঁ উপজেলা অডিটোরিয়াম হলরুমে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত মাওলানা ইকবাল হোসাইন স্মরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, “তৌহিদী জনতার তোপের মুখে পড়ে আওয়ামী সন্ত্রাসীরা সেদিন বাঁচার জন্য আকুতি-মিনতি করেছিল। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে তাদের কোনো নেতাকর্মীকে ওই এলাকায় খুঁজে পাওয়া যায়নি।”

তিনি আরও অভিযোগ করেন, তৌহিদী জনতার কণ্ঠরোধ করতেই ফ্যাসিবাদী সরকার সে সময় একের পর এক মিথ্যা মামলা দিয়েছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করে নিয়েছে। রয়েল রিসোর্টের মিথ্যা মামলাসহ হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলাই এখন প্রত্যাহার হয়েছে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ওই ঘটনায় দায়ের করা মিথ্যা মামলায় খেলাফত মজলিসের সোনারগাঁ থানা কমিটির তৎকালীন সভাপতি মাওলানা ইকবাল হোসাইনকে গ্রেপ্তার করে কারাগারে নির্মম নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছিল। তিনি সেই অমানবিক নির্যাতনের শিকার হয়ে শহীদ হয়েছেন।

বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সভাপতি মাওলানা ওবায়দুল কাদের নদভী কাসেমীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতি মোহাম্মদ উল্লাহ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ এবং নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা মহিউদ্দিন খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Home R3