দীর্ঘ উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুদ্ধ বন্ধে শান্তিচুক্তিতে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্র। রোববার (১৪ জুন) দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেছেন শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষ থেকেও চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সই হবে।
চুক্তির বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে এবং তিনি হরমুজ প্রণালি টোলমুক্তভাবে চলাচলের জন্য উন্মুক্ত করার অনুমতি দিয়েছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর আরোপিত অবরোধ অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
তিনি আরও লিখেছেন, “বিশ্বের জাহাজগুলো, তোমাদের ইঞ্জিন চালু করো। তেলের প্রবাহ চলুক।”
পরে ইরানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তির বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে, চুক্তির প্রেক্ষাপটে আঞ্চলিক উত্তেজনার বিষয়ও সামনে এসেছে। রোববার লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের সঙ্গে যখন যুক্তরাষ্ট্র শান্তিচুক্তির দ্বারপ্রান্তে, তখন এই হামলা “বিচার-বিবেচনাহীন” পদক্ষেপ।
অন্যদিকে, এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ ইসরায়েলি হামলার সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, এই ঘটনার মাধ্যমে প্রমাণ হয়েছে যে যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি পূরণের যথেষ্ট ইচ্ছা ও সক্ষমতা রাখে না।
সূত্র: আল জাজিরা