১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রে ইমিগ্রেন্ট ভিসাপ্রার্থীদের জন্য নতুন শর্ত

যুক্তরাষ্ট্রে অভিবাসী (ইমিগ্রেন্ট) ভিসা পেতে আবেদনকারীদের জন্য ‘পাবলিক চার্জ বন্ড’ বা সরকারি ব্যয়ের জামানত দেওয়ার নতুন নিয়ম চালু করা হয়েছে। তবে এটি সবার জন্য বাধ্যতামূলক নয়; প্রাথমিকভাবে নির্বাচিত কিছু অভিবাসী ভিসা আবেদনকারীর ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা কার্যকর করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে জানা গেছে, যেসব আবেদনকারী যুক্তরাষ্ট্রে প্রবেশের পর সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন বলে মনে করা হবে, মূলত তাদের ক্ষেত্রেই এই জামানত জমা দেওয়ার নির্দেশ আসতে পারে। তবে আবেদনকারীরা যদি পর্যাপ্ত আর্থিক ও প্রাসঙ্গিক প্রমাণ দেখিয়ে নিশ্চিত করতে পারেন যে তাঁরা সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হবেন না, তবে জামানত ছাড়াই ভিসা পাওয়ার সুযোগ থাকবে।

এটি একটি পরীক্ষামূলক প্রকল্প হওয়ায় কোনো আবেদনকারী নিজে থেকে ইচ্ছামতো এই জামানত জমা দেওয়ার আবেদন করতে পারবেন না। সাক্ষাৎকারের সময় কনস্যুলার কর্মকর্তা প্রয়োজন মনে করলে সংশ্লিষ্ট আবেদনকারীকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন। আবেদনকারীর ব্যক্তিগত আর্থিক ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করে কনস্যুলার কর্মকর্তাই জামানতের অর্থের পরিমাণ নির্ধারণ করবেন।

নির্দেশনা অনুযায়ী, জামানত জমা দেওয়ার আবেদন অনুমোদিত হলে এবং অন্যান্য সকল শর্ত পূরণ সাপেক্ষে, অতীতে সরকারি ব্যয়ের আশঙ্কায় প্রত্যাখ্যাত হওয়া অভিবাসী ভিসাও পুনরায় ইস্যু করার সুযোগ তৈরি হতে পারে। তবে যিনি আবেদনকারীর পক্ষে এই জামানতের অর্থ জমা দেবেন, নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে তিনি পরবর্তীতে তা ফেরত পাওয়ার সুযোগও পাবেন।

মার্কিন কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, নতুন এই প্রক্রিয়া বর্তমানে চালু থাকা বৈধ কোনো ভিসার ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। আপাতত সীমিত পরিসরে এবং বাছাইকৃত আবেদনকারীদের ওপরই এটি প্রয়োগ করা হচ্ছে।

Home R3