মুসলিম যাত্রীদের নামাজ আদায়ের সুবিধার্থে যুক্তরাষ্ট্রের ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অজুর স্থান (অজু স্টেশন) স্থাপন করা হচ্ছে। বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইটের মূল কেন্দ্র টার্মিনাল ডি-এর পুরুষ ও নারীদের সাধারণ রেস্টরুমে এই সুবিধা যুক্ত হতে যাচ্ছে। প্রায় ৩ লাখ ডলার ব্যয়ে হাতে নেওয়া এই প্রকল্পের কাজ চলতি বছরের শেষ নাগাদ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
টেক্সাস ডিপার্টমেন্ট অব লাইসেন্সিং অ্যান্ড রেগুলেশনের নথির বরাতে জানা গেছে, গত ৩১ জুলাই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়। সম্পূর্ণ বেসরকারি অর্থায়নে বাস্তবায়িত এই প্রকল্পের আওতায় টার্মিনাল ডি-এর কনকোর্স লেভেলের একটি পুরুষ ও একটি নারী রেস্টরুমে নিচু উচ্চতায় বিশেষভাবে তৈরি আলাদা অজু স্টেশন বসানো হবে।
সাধারণত বিমানবন্দরের রেস্টরুমের উঁচু সিঙ্কে পা ধোয়া যাত্রীদের জন্য বেশ অসুবিধাজনক। ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম যাত্রীদের ধর্মীয় সুবিধার পাশাপাশি রেস্টরুমের নিরাপত্তা ও অবকাঠামো রক্ষার বিষয়টিও এই প্রকল্পের অন্যতম লক্ষ্য। উঁচু সিঙ্কে পা ধোয়ার কারণে মেঝেতে পানি পড়ে পিচ্ছিল হওয়া এবং সিঙ্কের কাউন্টারে অতিরিক্ত চাপে ক্ষয়ক্ষতির ঝুঁকি থাকে; আলাদা অজুর ব্যবস্থা চালু হলে এসব সমস্যার সমাধান হবে।
ডালাস বিমানবন্দরে মুসলিমদের জন্য অজুর সুবিধা অবশ্য নতুন নয়। এর আগে ২০১৯ সালে টার্মিনাল ডি-এর গেট ডি৪০-এর কাছে ইন্টারফেইথ চ্যাপেল সংস্কারের সময় দুটি অজু স্টেশন স্থাপন করা হয়েছিল। তবে নতুন প্রকল্পের মাধ্যমে এবার সাধারণ রেস্টরুমের ভেতরেই সরাসরি দুটি অজু স্টেশন যুক্ত করা হচ্ছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের শিকাগো ও’হেয়ারসহ বেশ কয়েকটি প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে মুসলিমদের জন্য অজু করার পৃথক ব্যবস্থা ও সব ধর্মের মানুষের জন্য প্রার্থনাকক্ষ রয়েছে। ডালাস বিমানবন্দরেও দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মাবলম্বীদের জন্য ইন্টারফেইথ চ্যাপেল চালু রয়েছে, যেখানে প্রতি শুক্রবার মুসলিমদের জন্য জুমার নামাজের ব্যবস্থা করা হয়ে থাকে। টার্মিনাল ডি দিয়ে প্রতিদিন বিশ্বের বহু দেশের আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করায় বিপুলসংখ্যক মুসলিম যাত্রী এই নতুন সুবিধার সুফল পাবেন।