২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মার্কিন হামলার জবাবে ইরানের পালটা আক্রমণ

মার্কিন হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, এসব ঘাঁটিতে লক্ষ্য করে তেহরান মোট সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। খবর আল জাজিরার।

এর কয়েক ঘণ্টা আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) হরমুজ প্রণালির দিকে ছোড়া ইরানি ড্রোন ভূপাতিত করে এবং ইরানের কিছু রাডার স্থাপনায় হামলা চালায়।

সেন্টকম জানায়, ইরানের ছোড়া সাতটি ক্ষেপণাস্ত্রের মধ্যে ছয়টি প্রতিহত করা হয়েছে এবং সপ্তমটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি। এ ঘটনায় মার্কিন সেনা সদস্যদের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এছাড়া বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদরদপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে—ইরানের এমন দাবিও অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে সংঘাতের স্থায়ী সমাধানে এখনো কোনো অগ্রগতি হয়নি। যুদ্ধবিরতি বহাল থাকলেও সাম্প্রতিক সময়ে উভয় পক্ষের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটছে।

এদিকে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই দেশই আলোচনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যার লক্ষ্য চলমান সংঘাতের একটি স্থায়ী সমাধানে পৌঁছানো।

Home R3