১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতে সরকারিভাবে কেনা হচ্ছে গোমূত্র; প্রতি লিটার ১০ রুপি

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে গোমূত্র কেনা শুরু হয়েছে। রাজ্যের বুলান্দশ্বর জেলায় একটি পরীক্ষামূলক (পাইলট) প্রকল্প হিসেবে এই কার্যক্রম শুরু করা হয়েছে। এ মুহূর্তে প্রতি লিটার গোমূত্র ১০ রুপি দামে কেনা হচ্ছে।

বুধবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে ভারতের একাধিক সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের এই উদ্যোগের পেছনে কয়েকটি লক্ষ্য রয়েছে।

মূল লক্ষ্য হলো, যেসব গরু আর দুধ দেয় না, সেগুলোকে যেন মালিকরা রাস্তায় ছেড়ে না দেন। ছেড়ে দিলে গরুগুলো খাবারের অভাবে কষ্টে ভোগে এবং নানা সমস্যা তৈরি করে। গোমূত্র কেনার মাধ্যমে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে যাতে তারা দুধ না দেওয়া গরুগুলোকে নিজেদের কাছেই রাখেন। তাদের মতে, মূত্র বিক্রির অর্থ দিয়ে গরুর রক্ষণাবেক্ষণ সম্ভব হবে।

দ্বিতীয় লক্ষ্য হলো গ্রামীণ নারীদের বাড়তি আয়ের সুযোগ তৈরি করা। সংবাদমাধ্যম এবিপি জানিয়েছে, প্রকল্পটি বর্তমানে ১৫টি গ্রামে চলছে এবং প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। সংগ্রহের জন্য নারীদের কমিশন দেওয়া হচ্ছে। গ্রামগুলোতে ২০০ লিটার ধারণ ক্ষমতার ট্যাংক স্থাপন করা হয়েছে।

সংগৃহীত গোমূত্র কৃষিকাজে ব্যবহার করা হবে। সরকারি কর্মকর্তারা বিশ্বাস করেন, কৃষিকাজে গোমূত্র ব্যবহৃত হলে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমবে।

যদি বুলান্দশ্বরের এই পাইলট প্রজেক্টটি সফল হয়, তবে উত্তরপ্রদেশের অন্যান্য জেলাতেও এটি বিস্তৃত করা হবে। ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্র ২০ রুপি দিয়ে কেনার পরিকল্পনাও রয়েছে সরকারের।

তবে যোগী আদিত্যনাথ সরকারের এই উদ্যোগের সমালোচনা করেছে বিরোধী দল সমাজবাদী পার্টি। তারা অভিযোগ করেছে যে, এই প্রকল্প সাধারণ মানুষের কোনো উপকারে আসবে না এবং এটি কেবল অর্থ লোপাটের একটি কৌশল মাত্র।

Home R3