৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতের ওপর হঠাৎ নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের

ভারতের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা অব্যাহত থাকলেও দেশটির ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানি রোধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগে ভারতসহ অর্ধশতাধিক দেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক বসানোর প্রস্তাব দিয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)।

বুধবার (৩ জুন) প্রকাশিত ইউএসটিআরের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত শুল্কহার ১০ শতাংশ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল ও সুইজারল্যান্ডসহ কয়েকটি দেশের পণ্যের ওপর ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে।

অন্যদিকে কানাডা, মেক্সিকো, তাইওয়ান ও যুক্তরাজ্যের মতো দেশগুলোর ক্ষেত্রে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের সেকশন ৩০১-এর আওতায় পরিচালিত এক তদন্তের ভিত্তিতে এই প্রস্তাব দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগ করা হয়েছে, সংশ্লিষ্ট দেশগুলো জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।

ইউএসটিআরের প্রধান জেমিসন গ্রিয়ার এক বিবৃতিতে বলেন, জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্যের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় মার্কিন শ্রমিকরা অসম প্রতিযোগিতার মুখে পড়ছেন।

তবে প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি। আগামী ৬ জুলাই পর্যন্ত জনমত গ্রহণ করা হবে এবং এরপর আনুষ্ঠানিক শুনানি শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রস্তাবিত শুল্কে কিছু পণ্যের ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে। গরুর মাংস, কফি, কিছু ফল ও বাদাম, উত্তর আমেরিকার মুক্তবাণিজ্য চুক্তির আওতাধীন পণ্য এবং নির্দিষ্ট কিছু বস্ত্র ও পোশাক এই শুল্কের বাইরে থাকতে পারে।

বিশ্লেষকদের মতে, প্রস্তাবটি কার্যকর হলে যুক্তরাষ্ট্র ও ভারতের বাণিজ্য সম্পর্কের ওপর নতুন চাপ তৈরি হতে পারে এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলেও এর প্রভাব পড়তে পারে।

Home R3